এক সময় শান্ত শহর হিসেবে পরিচিত ময়মনসিংহ এখন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে ব্যস্ততম সড়ক—কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না সাধারণ মানুষ। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। এমনকি যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে জিম্মি করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এর সঙ্গে একের পর এক হত্যাকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিপুলসংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরও মাদক এবং অপরাধের বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক এখন নিত্যদিনের সঙ্গী।
স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরবর্তী এলাকায় মাদকের আসর বসে। এসব স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা হয়। মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।