কনটেন্ট নির্মাতা ও দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শপিং সুবিধা এবং ব্যক্তিগতকৃত ফিচারের সমন্বয়ে একগুচ্ছ নতুন টুল চালুর ঘোষণা দিয়েছে ইউটিউব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’ আয়োজনে এসব নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়।
নতুন ফিচারগুলোর মাধ্যমে ভিডিও তৈরি ও সম্পাদনা, কমেন্ট নিয়ন্ত্রণ, পণ্য খোঁজা ও কেনাকাটা এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ক্রিয়েটর টুলের আওতায় ইউটিউব স্টুডিওতে বেশ কিছু সুবিধা যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে নির্মাতারা ভিডিও ড্রাফট নিয়ে মতামত নিতে, চ্যানেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেইল তৈরি করতে এবং একই ভিডিওর তিনটি পর্যন্ত কাট পরীক্ষা করে দেখার সুযোগ পাবেন।
শর্টস ও ইউটিউব ক্রিয়েট প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে জেমিনি-চালিত এআই সহকারী। ভিডিও সম্পাদনার সময় এটি ক্লিপ কাটছাঁট, অপ্রয়োজনীয় বিরতি বাদ দেওয়া এবং মিউজিকের সঙ্গে ভিডিওর সমন্বয় করার মতো কাজে সহায়তা করবে।
ক্রিয়েটরদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী কমেন্ট নিয়ন্ত্রণের জন্য একটি অপ্ট-ইন এআই মডারেশন ব্যবস্থা পরীক্ষা করছে ইউটিউব। পাশাপাশি, ব্যবহারকারীদের ‘লাইকনেস প্রোটেকশন’ টুলে ভয়েস ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি একসঙ্গে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শপিং সুবিধাও আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইউটিউব। বছরের শেষ নাগাদ ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম ৩৫টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এ কর্মসূচিতে ১৩ লাখের বেশি ক্রিয়েটর যুক্ত হয়েছেন।
ভারত ও ব্রাজিলের ক্রিয়েটরদের জন্যও নতুন সুবিধা আসছে। শিগগিরই তারা অ্যামাজনের পণ্য ভিডিওতে ট্যাগ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন দেশের দর্শকদের জন্য পণ্য ট্যাগে সংশ্লিষ্ট বাজারের স্থানীয় অফার দেখানোর ব্যবস্থাও থাকবে।
যুক্তরাষ্ট্রের ওয়েব, মোবাইল ও টিভি ব্যবহারকারীদের জন্য ‘কাস্টম ফিডস’ চালুর পরিকল্পনা করেছে ইউটিউব। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী হোমপেজের ট্যাব সংরক্ষণ করতে পারবেন।
ফলে কেউ চাইলে ডকুমেন্টারি, ডিআইওয়াই, রান্না, খেলাধুলা বা অন্য কোনো নির্দিষ্ট ধরনের ভিডিওকে কেন্দ্র করে নিজের পছন্দের ফিড সাজিয়ে রাখতে পারবেন।
ইউটিউবের ‘আস্ক ইউটিউব’ ফিচারেও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। ব্যবহারকারীরা এখন শপিং-সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন এবং পরবর্তী প্রশ্নের মাধ্যমে আরও নির্দিষ্ট তথ্য খুঁজে নিতে পারবেন।
এ সুবিধার সঙ্গে পণ্যের তুলনামূলক টেবিলও থাকবে। টিভি ব্যবহারকারীদের জন্য যুক্ত করা হবে ভয়েস কমান্ডের সুবিধা।
ইউটিউবের এবারের ঘোষণায় কনটেন্ট নির্মাতাদের কাজ সহজ করার পাশাপাশি দর্শকদের কনটেন্ট দেখা, পণ্য খোঁজা ও কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগতকৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স