নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন শিক্ষার্থীসহ ৭৭ জন। এদের মধ্যে ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।
চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যায় না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব কথা জানান ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।
তিনি বলেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।