চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোমিনপাড়ায় প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও বাড়িতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।
রবিবার (২৭ শে সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় নাচোল বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন,
মোমিনপাড়ার প্রতিবেশী আনোয়ারের সঙ্গে চাঁন্দ মোহাম্মদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একপর্যায়ে তাঁদের বাড়িতে ঢিল ছোড়াসহ বিভিন্ন ধরনের হয়রানির ঘটনাও ঘটতে থাকে বলে উল্লেখ করা হয়। ভুক্তভোগীদের ছেলেকে মাদক সেবন ও বিক্রির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই ছেলে মাদকাসক্ত হয়ে বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে মারধর এবং বাবাকে হাসুয়া নিয়ে ধাওয়া করার অভিযোগও করেন তাঁরা। প্রাণভয়ে ওই বৃদ্ধ দম্পতিকে কখনো কখনো অন্যের বাড়িতে রাত কাটাতে হয়েছে বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতির প্রতিকার চেয়ে তাঁরা নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বলে জানান। তাঁদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের থানায় যাওয়ার পরামর্শ দেন। পরে থানায় গেলে আবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এভাবে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও প্রতিকার না পাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন।
পরবর্তীতে ছেলেকে সংশোধনের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেন বলে জানান ভুক্তভোগীরা।
এই অবস্থায় বৃদ্ধ দম্পতি তাঁদের পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।