রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও তার স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আফরোজা আকতারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আফরোজার স্বামী মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী আফরোজা পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। পরে দু’জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তার মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তার স্ত্রীকে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের বাসা ঢাকা জেলার কদমতলীর থানার শ্রীধারা এলাকায়।