মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল ২০২৬, সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মো. তালেব মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের গোহালিয়াবাড়ী দক্ষিণ এলাকার ইউপি সদস্য মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদা খানম ডলি। এ ছাড়া উপস্থিত ছিলেন সরাতৈল দক্ষিণ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকবিরোধী আন্দোলনের বিকল্প নেই। এ জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে মাদকমুক্ত সমাজ গঠন এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।