বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধ করতে জেলা প্রশাসকদের (ডিসি) বাজার তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ ও বিতরণব্যবস্থায় অনিয়ম শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানান, এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সরবরাহ থেকে শুরু করে বিতরণের প্রতিটি পর্যায়ের তথ্য সংগ্রহ করে অসঙ্গতি খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এলপিজির সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে জ্বালানি বিভাগ সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেছে। ওই সভায় বাজার তদারকি জোরদার এবং সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি জেলায় এলপিজির সব ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট অপারেটর থেকে ফ্র্যাঞ্চাইজি, মাস্টার ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিবিউটর ও ডিলার পর্যায়ে কী পরিমাণ এলপিজি সরবরাহ করা হয়েছে, তার বিস্তারিত হিসাব সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয়সংক্রান্ত তথ্যও রাখতে হবে।