প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেখানে অবস্থানরত তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে হিন্দুর পক্ষ থেকে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো’ ভারতের উপলব্ধি করা প্রয়োজন।
নির্বাসিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের কর্মকাণ্ড ভারতের জন্য সহায়ক হবে না বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।
শেখ হাসিনা ও তার লোকজনকে সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব। প্রধান চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু চাইছি না। শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করছেন এবং তারা দিল্লিতে বসে আরেকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।’