পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বমেল সাক্ষাৎ করেন। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেছে।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন। মন্ত্রী নেদারল্যান্ডসকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে দুই দেশের সুদৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন।
পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ। ভূপ্রকৃতিগতভাবেও দুই দেশের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে নেদারল্যান্ডস সরকার কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এ সময় পানিসম্পদসচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।