রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা যুগান্তরকে বলেন, রাজধানীজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে হাজারীবাগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অটোরিকশা গ্যারেজের জন্য বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী আলাদা মিটারের ব্যবস্থা থাকলেও অভিযানে বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে পরিচালিত গ্যারেজ পাওয়া গেছে। এসব গ্যারেজে অটোরিকশা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহারের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আইন অনুযায়ী শুধু বাণিজ্যিক লাইসেন্স দিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, অনেক গ্যারেজ মালিক বৈধ ট্রেড লাইসেন্স থাকার দাবি করলেও সেগুলো বাণিজ্যিক লাইসেন্স। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে অনেক গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযানে বাধা সৃষ্টি করেছেন। অভিযানকালে অবৈধ মিটার, বৈদ্যুতিক তার ও চার্জিং পয়েন্টসহ অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।