জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে সালমা (১৬) নামে এক নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভাটি কলকিহাড়া এলাকার আজিজের খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা ভাটি কলকিহাড়া এলাকার লুৎফরগঞ্জ বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা শিক্কু মিয়ার মেয়ে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজিজের খেয়াঘাট এলাকায় নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও ঘাটের মাঝিরা। পরে তাঁদের সহযোগিতায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
মরদেহ উদ্ধারের পর উপস্থিত লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে সালমা হিসেবে শনাক্ত করেন। তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি নদীতে নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।