চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। পরে তাঁকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিষয়টি যাচাই করছে বিজিবি। ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে। ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি শনিবার সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।