শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।
জানা যায়, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের জন্য এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জালাল জমাদ্দার।
অনুষ্ঠানে সাঈদ আহমেদ আসলাম উপস্থিত হলে তার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন জালাল জমাদ্দার। পরে সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘জালাল জমাদ্দারের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা তাকে স্বাগত জানাই। জনগণের পাশে থেকে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
জানা গেছে, জালাল জমাদ্দার এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সেনেরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
জালাল জমাদ্দারের বিএনপিতে যোগদানের বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে তার যোগদান স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জালাল জমাদ্দারের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।