মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :
‘মাদক আনে ধ্বংস, ক্রীড়া আনে শান্তি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ক্রিকেট ম্যাচ।
বুধবার বিকেল ৩টায় বালীগাঁও এমএসএম ইটখোলা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় এটাক টাইটান ও বালীগাঁও ইয়ংস্টার। বৃষ্টির কারণে ম্যাচটি ২ ওভার কমিয়ে ১২ ওভারে অনুষ্ঠিত হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বালীগাঁও ইয়ংস্টার নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এটাক টাইটান ১০৬ রানে ৬ উইকেট হারায়। তবে ম্যাচের ফলাফলের বর্ণনায় আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এটাক টাইটান ৫ উইকেটে জয়ী হয়।
এটাক টাইটানের মিয়াদ ১৪ বলে ৪১ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নাজমুল গনি (লাভলু)। সভাপতিত্ব করেন আঞ্জুমান রহমানিয়া মাঈনীয়া মাইজভান্ডারিয়া, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।
খেলার উদ্বোধন করেন বালীগাঁও জয়দেববাড়ী দুর্গা মন্দিরের সভাপতি স্বর্ণ কমল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালীগাঁওয়ের দুবাইপ্রবাসী মো. মামুন মিয়া।
খেলা পরিচালনা করেন আম্পায়ার সজল দাস ও মামুন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত ও শিহাব। স্কোরারের দায়িত্ব পালন করেন জাহিদ ও রহমতুল্লাহ।
জমজমাট এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও অতিথি। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও ম্যাচটি কাভার করেন।
বিপিএল ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে খেলাটি উপভোগ করতে আসা সকল অতিথি, ক্রীড়াপ্রেমী ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হলেন—মনোয়ার, মামুন, ফরহাদ, সুমন, রিকন, দিপু, মনি, জুলহাস, হাবিবুল্লাহ, আরিফ, রেজাউল ও সাফায়েত।