গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে ইউরিয়া সার মজুত রাখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরাপারসনসহ স্থানীয় পাঁচ সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন গুদামে অবৈধ সারের মজুত পাওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হলে, সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং তাঁদের লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। এ সময় কর্তব্যরত কৃষি কর্মকর্তারাও তাঁদের বাধার মুখে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং গুদাম থেকে ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে তা সিলগালা করে দেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।