ভারতের বিনোদন জগতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার উপস্থাপন করতে যাচ্ছেন তিনি।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। সেখানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হলিউড রিপোর্টার ইন্ডিয়ার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনের মঞ্চে পুরস্কার তুলে দেবেন বিজয় সেতুপতি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এমির ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এই দায়িত্ব পালন করার কৃতিত্ব অর্জন করবেন তিনি।