রাজবাড়ীর পাংশা উপজেলার সুবর্ণখোলা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
আটক মোঃ আজিজ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।
অভিযান চলাকালে আজিজ মন্ডলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।