‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত শুভেচ্ছা কার্ড বিতরণ করা হবে। ৮ নভেম্বর বেলা ১১টায় আইডিইবি ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে।
৯ নভেম্বর বিকেল ৩টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান। একই দিন বিকেল ৫টায় পারিবারিক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা শাখা কার্যালয় থেকে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ দেওয়া হবে।