সম্প্রতি ঢাকায় নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় নিজের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির লোকজনকে দায়ী করে ফেসবুক লাইভে আসেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এরপর গত বুধবার তার ব্যাংক হিসাব তলব করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরের শ্বশুর মদ ব্যবসায়ী শেখ নূর ইসলাম, তার পরিবারের সদস্য ও তাদের কোম্পানিকে ঘিরে এক দশকের কানাডায় অর্থ লেনদেনের খোঁজ পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
শেখ নূরের পরিবারের তিন সদস্যের নামে কানাডার বিভিন্ন ব্যাংকে ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে এনবিআর, সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিট নূর ইসলাম পরিবারসংশ্লিষ্ট নয়জনের কর ফাঁকির অনুসন্ধান শুরু করেছে। পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
তবে কানাডায় নূর ইসলাম পরিবারের সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান সালমান মুক্তাদিরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে বলে জানিয়েছে সিআইসি।