কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নাম্বার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট-বড় বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পিতার আবেদনের প্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের পিতা মো বরকত উল্লাহ গড়াই নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান। আবেদনের প্রেক্ষাপটে শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং এর অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
Developed by BDITHOST