নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পাঠাগার ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিপুল পরিমাণ বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর পৌনে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। মাদ্রাসাটিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের অধিকাংশই আবাসিক।...
Developed by BDITHOST