জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত এনএসআইয়ের সব স্তরের কর্মচারী এ সুবিধার আওতায় থাকবেন। এ সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ পেতেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্ধিত হারে এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
Developed by BDITHOST